ইতিহাসের শিক্ষা গ্রহণ ও তা ধারাবাহিকভাবে চর্চার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে এবং সেই প্রতিশ্রুতি গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানাই।’
মঙ্গলবার রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ‘ফিরে দেখা সেই সময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের একজন মন্ত্রী হিসেবে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের মধ্যেই সঠিক সুশাসনের ভিত্তি নির্ভর করে।
ফ্যাসিস্ট সরকারের আমলে ভোটারবিহীন নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সেই সময়ের নির্বাচনগুলোর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আরও গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, যাতে ফ্যাসিবাদী মনোজগতের উৎস চিহ্নিত করা যায় এবং ভবিষ্যতে তা থেকে শিক্ষা নেওয়া যায়।’
তিনি আরও বলেন, এ ধরনের গবেষণা ও প্রকাশনা সমাজে ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে কাজ করবে, যা রাজনৈতিক নেতৃত্বকে বিকৃত চিন্তা থেকে মুক্ত রাখতে সহায়তা করবে।
গ্রন্থটির লেখক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের উদ্যোগের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি দেশে বিতর্ক সংস্কৃতিকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
তিনি বলেন, ‘যে সমাজ বিতর্ককে ভয় পায়, সেই সমাজ স্থবির হয়ে পড়ে। নতুন প্রজন্মকে সমালোচনামূলক চিন্তা ও যুক্তিভিত্তিক বিতর্কে উৎসাহিত করা জরুরি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বইটির প্রকাশক সৈয়দ আবদাল আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, বাংলা ভিশন টেলিভিশনের হেড অব নিউজ আবদুল হাই সিদ্দিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ।


