ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertisement
Advertisement

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশটির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ অভিবাসনসহ ইতালির সঙ্গে সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা এবং তা আরও বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ করা ইতালির বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুন

আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এর মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, নিরাপদ অভিবাসন, শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ইতালির যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অব কনসুলার চ্যান্সেরি লরা শেলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad