ছোট পর্দার অভিনয়শিল্পী যাহের আলভীর একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার উদ্দেশ্যে দেওয়া আবেগঘন পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সহানুভূতির বদলে সমালোচনার মুখেই পড়েন তিনি।
পোস্টে আলভী ইকরাকে ‘ইকলি’ নামে সম্বোধন করে লেখেন, একদিন দেখা হলে কিছু প্রশ্নের উত্তর জানতে চান। তিনি লিখেছেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম , তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বান্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’
তিনি আরও লিখেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই তার বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ বলে আখ্যা দেন। কেউ প্রশ্ন তোলেন, চলমান বিতর্কের প্রেক্ষাপটে এমন পোস্ট কতটা গ্রহণযোগ্য। সমালোচনা বাড়তে থাকায় একপর্যায়ে আলভী মন্তব্যের ঘর বন্ধ করে দেন। কিন্তু তাতেও বিতর্ক থামেনি; স্ক্রিনশট আকারে পোস্টটি বিভিন্ন পেজ ও প্রোফাইলে ছড়িয়ে পড়ে। একাংশের অভিযোগ, ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। আবার অন্যরা বলছেন, শোক প্রকাশের অধিকার সবারই আছে—সেটিকে কাঠগড়ায় দাঁড় করানোও ঠিক নয়।
ইকরার মৃত্যুকে ঘিরে আগেই নানা আলোচনা চলছিল। তার পরিবার দাবি করেছে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেন।
সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে আলভী ও তিথি নেপাল যান। ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। গুঞ্জন ওঠে, জন্মদিন উদ্যাপনের উদ্দেশ্যেই শুটিংয়ের আয়োজন। অভিযোগ অস্বীকার করেন আলভী। ২৮ ফেব্রুয়ারি ইকরা মৃত্যুবরণ করেন। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়।


