ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে কিয়েভের প্রায় সব জেলায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।
কিয়েভ কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এসব হামলায় শহরটির আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একের পর এক বিস্ফোরণে বিভিন্ন স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এ হামলায় রুশ বাহিনী ৪৩০টিরও বেশি ড্রোন ও ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘কিয়েভও বিধ্বংসী এ হামলার জবাবে ড্রোন হামলা চালিয়েছে। সেইসঙ্গে মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছি।’
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, চারজন নিহত হয়েছেন। গর্ভবতী নারী ও দুই শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৬ জন।’
আহতদের মধ্যে গুরুতর চারজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
ইউক্রেনের রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিয়েভে প্রায় ৩০ লাখ মানুষের বাস। সংশিষ্ট কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন, একটি স্কুল, একটি হাসপাতাল ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পরপরই শহরের বিভিন্ন অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরইমধ্যে সেসব এলাকায় সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ক্লিচকো বলেন, ‘দনেৎস্ক শহরের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এখনও তাপমাত্রা পরিবর্তনের (এসি বা হিটার) সুবিধা বিঘ্নিত হচ্ছে। উদ্ধারকাজ এবং হতাহতদের সেবায় কঠিন পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীরা।’
তিনি আরও জানান, নিপ্রো নদীর পূর্ব তীরের নিপ্রোভস্কি জেলার তিনটি বহুতল আবাসিক ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আগুন লাগা একটি ভবন থেকে নয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কানাডায় জি-সেভেন সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর প্রতি রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক এক্স পোস্টে বলেন, ‘এ হামলায় প্রায় ৩০টি বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার এই নৃশংস হামলা ইউক্রেনের প্রতিরক্ষা খাতে মিত্রদেশগুলোর আরও সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সেইসঙ্গে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি আরও জরুরি হয়ে পড়েছে। ’


