নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
পুলিশ জানায়, চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকায় বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। এসআই জাকির হোসেন ও এসআই মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে জহিরুল ইসলাম হৃদয় (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে আসামিকে নিয়ে পুলিশ সদস্যরা গাড়িতে ওঠার সময় স্থানীয় ১৫ থেকে ২০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় ডিবি পুলিশের কনস্টেবল শাহাদাৎ হোসেন ও কনস্টেবল মঞ্জুরুল ইসলাম আহত হন এবং পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ হামলার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের আসলাম সর্দার বাড়ির জহিরুল ইসলাম হৃদয় (২৮), এনামুল হক সজিব (২২), আলেয়া বেগম (৪৫) ও সুইটি আক্তার (২১)।
আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


