সাভারের আশুলিয়ায় কাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ছিটকে পড়ে তানজিলা বেগম (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাওয়ার সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তানজিলা বেগম ব্যাটারিচালিত ইজিবাইকে করে কাজে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আইডি কার্ড সূত্রে জানা যায়, তিনি স্থানীয় ‘গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করে আটক করে এবং চালক আব্বির হোসেনকে পুলিশে দেন।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


