বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ব্যক্তির নাম থোয়াইংলা ম্রো (৪৫)।
শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। থোয়াইংলা ম্রোর বাড়ি উপজেলার চৈক্ষং ইউনিয়নের রেংয়ক পাড়ায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ হাসান জানান, ‘শুক্রবার সন্ধ্যার পর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসা সেবা শুরু করেও তাকে বাঁচানো যায়নি।’
তিনি জানান, গত কয়েকদিনের প্রচণ্ড খরায় পাহাড়ের অববাহিকায় প্রাকৃতিক পানির উৎসগুলো শুকিয়ে যায়। এ সময় পাহাড়ে বসবাসকারীরা ডোবার পঁচা পানি ব্যবহার করে থাকে। এটি ডায়রিয়া রোগের অন্যতম প্রধান কারণ।
মোহাম্মদ হাসান বলেন, ডায়রিয়ার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হয়। কিন্তু সামাজিক সচেতনতার অভাবে তারা বাড়িতে রাখে, এতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, আলীকদমের দুর্গম এলাকাগুলোর পাড়ায় ঘরে ঘরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছে। গত কয়েক দিনে অন্তত ৬০ থেকে ৬৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।


