দেশের ইতিহাসে প্রথমবারের মতো আলাদা করা হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
সাধারণত জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ- এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। ফলে একই বিচারকের ওপর পড়ে দ্বৈত দায়িত্ব, যা মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রীতার একটি প্রধান কারণ।
দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ।
ফৌজদারি মামলার সংখ্যা দেওয়ানি মামলার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও ফৌজদারী বিচারককে দুই ধরনেরই মামলা পরিচালনা করতে হয়। তাতে মামলা নিষ্পত্তির গতি হ্রাস পায় এবং মামলাজট বাড়ে।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আলাদা ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করে এক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এই আদালতগুলোতে বিচারকরা কেবল ফৌজদারি মামলার বিচার করবেন।
আশা করা হচ্ছে এর ফলে বিচারকদের দ্বৈত দায়িত্বের অবসান ঘটবে এবং বিচারিক কার্যক্রমে প্রত্যাশিত গতি আসবে। দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতে মামলা নিষ্পত্তির পরিমাণ ও গতি আগের চেয়ে বেড়ে যাওয়ায় মামলাজট উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।


