রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও প্রেস ক্লাব এলাকায় জামায়াতে ইসলামীসহ সাতটি দলের বিক্ষোভে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি শুরু হলে পল্টন মোড়, গুলিস্তান, বায়তুল মোকাররম গেট ও প্রেস ক্লাবের সামনে যান চলাচল ব্যাহত হয়। এতে অফিস ফেরত সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
বায়তুল মোকাররম গেট থেকে হাত পাখার প্রতীক নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের একটি মিছিল পুরানা পল্টন ঘুরে দৈনিক বাংলা মোড়ে গেলে পুলিশ নিরাপত্তার জন্য রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেয়। ফলে যানজট পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

ইসলামী ছাত্র আন্দোলনের দাবিগুলো হলো—জুলাই সনদ কার্যকর, রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (পিআর) নির্বাচন, এবং অভ্যুত্থানে শহীদদের হত্যার দ্রুত বিচার।
এর আগে, ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভের পর শুক্রবার বিভাগীয় শহরে এবং আগামী ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাত দল।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করছে। বিভিন্ন দফা দাবির মধ্যে সামান্য পার্থক্য থাকলেও সবার মূল দাবি অভিন্ন।


