আরব সাগরে বিকল হয়ে পড়া একটি ভারতীয় জাহাজ উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়া জাহাজটির বিপদসংকেত পেয়ে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পাক নৌবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানায়, আরব সাগরে আটকে পড়া ভারতীয় জাহাজটির নাম এমভি গৌতম। এতে মোট সাতজন নাবিক ছিলেন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয়।
জাহাজটি ওমান থেকে ভারতের পথে যাত্রাকালে গুরুতর যান্ত্রিক সমস্যায় পড়ে সমুদ্রে অচল হয়ে যায়।
পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের নৌবাহিনী ‘কাশ্মীর’ নামের একটি জাহাজ পাঠায়। এই জাহাজটি বিপদে পড়া জাহাজে থাকা নাবিকদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং কারিগরি সহযোগিতা দিয়ে জাহাজটিকে স্থিতিশীল করে। পাশপাশি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তী যাত্রা শুরু করতে সহায়তা করে।
এর আগে গত মাসেও পাকিস্তান জানিয়েছিল, উত্তর আরব সাগরে পরিচালিত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বিপদসংকেত পাওয়ার পর তাদের নৌবাহিনী ১৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।


