ঝালকাঠিতে এবার সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ির বেড়া থেকে টিন খুলে নিয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের রোল্যান্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ওই বাসভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গত বৃহস্পতিবার কে বা কারা বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাড়ির মূল গেটের সামনে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। এসব টিন স্থানীয় দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


