সৌদি আরবে গিয়ে টানা ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১) নামে এক যুবক।
রুবেল উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।
রুবেলের স্বজনেরা জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমায় রুবেল। সেখানে তিনি মক্কার একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। সেখান থেকে পরিবারের কাছে অর্থ পাঠানোও শুরু করেছিলেন রুবেল। সর্বশেষ গত ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।
রুবেলের মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছোট ছেলেকে শখ করে বিদেশ পাঠাইছিলাম। ২০ দিন ধরে তার কোনো খোঁজ নেই। সে কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমি আমার ছেলের খোঁজ চাই।’
চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট জানিয়ে তার বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘তাকে সবাই খুব আদর করতাম। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা তার সন্ধান চাই।’
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।’


