স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফেরত চায় এবং সরকার চায় তিনি দেশে এসে মামলার মুখোমুখি হোন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান ৷
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, তার ফিরে আসার জন্য মিছিল হচ্ছে। আপনারা পর্যবেক্ষণ করছেন কি না? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আচ্ছা, ফিরে আসার কার্যক্রম কী? আমরাও তো তাকে ফেরত চাই, সেটা আইনিভাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। চুক্তি অনুসরণ করতে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুক।’
শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেন, সেটা গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরকম বিধি-নিষেধ আছে বলে আমার জানা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে গণমাধ্যম সেই ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমে ফলাও করা উচিত নয়।’


