ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত আটক ব্যক্তিদের মধ্যে ৭৩ শতাংশ জামিন পাওয়ার যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, ‘যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত বা অপরাধী না হন, তাহলে তাদের আটক করা হয়েছিল কেন? আর যদি তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তাদের জামিন পাওয়ার বিষয়টি আশঙ্কাজনক।’
রোববার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী পুরো বলয়ের নিরাপত্তা এখন হুমকির মুখে পড়েছে। জামিনে মুক্তি পাওয়ার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আরও উৎসাহিত হবে এবং রাজপথে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিচার নিয়ে আমাদের উদ্বেগ বারবার জানানো হয়েছে। এখন যা দেখা যাচ্ছে, তা আমাদের উদ্বেগ আরো গভীর করেছে। কারণ, যদি ফ্যাসিবাদের সঙ্গে জড়িতরা দ্রুত জামিন পেয়ে যায়, তবে তারা বিপ্লবীদের জন্য হুমকি সৃষ্টি করবে এবং আসন্ন নির্বাচনে দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা বিঘ্নিত হবে।’
মাওলানা গাজী আতাউর রহমান পুলিশের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়ার পর আদালতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপনে মাঠপর্যায়ের পুলিশদের দুর্বলতা রয়েছে, যা উদ্বেগজনক।’
তিনি প্রশ্ন করেন, ‘যদি এই অবস্থা থাকে, তাহলে আগামী নির্বাচনে আমাদের নির্ভরযোগ্য পুলিশি ব্যবস্থাপনার ওপর কীভাবে আস্থা রাখতে পারব?’
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিচার চাই এবং একই সঙ্গে নিরীহ মানুষের হয়রানি না হওয়ার নিশ্চয়তা চাই। নিরীহ কাউকে আটক না করা হোক এবং প্রকৃত অপরাধীরা জামিনে বেরিয়ে না আসুক। প্রশাসনের পক্ষ থেকে আরও সতর্কতা গ্রহণের পাশাপাশি পতিত শক্তি যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ আশা করছি।’


