ঢাকার আগারগাঁওয়ে একটি বাসায় ‘গ্যাস লাইন লিকেজ’ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাত সদস্য দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬), মেয়ে মনিরা (১৭), নাতনি ইভা (৬) ও তার জমজ বোন ইশা (৬)।
জলিল মিয়ার মেয়েজামাই মো. আফরান জানান, রাতে পরিবারের সবাই টিনসেড বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে টিনসেড বাসাটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পরিবারের ছয় সদস্যই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়দের ধারণা, বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
চিকিৎসকরা জানান, দগ্ধ ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো যাবে।


