খাগড়াছড়ির গুইমারা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় কুবেন জয়ী ত্রিপুরা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রফুল্ল ত্রিপুরা নামে আরেক আরোহী আহত হয়েছেন।
নিহত কুবেন জয়ী ত্রিপুরা গুইমারা উপজেলার পক্ষীমুড়া গ্রামের কৃপাচার্য ত্রিপুরার ছেলে। আহত প্রফুল্ল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ধনীমোহন কার্বারী পাড়ার রঞ্জন মোহন ত্রিপুরার ছেলে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কুবেন জয়ী ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। আহত প্রফুল্ল ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


