ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ মাহমুদ
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘এই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এরই মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।’

বুধবার সন্ধ্যায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক সফল হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হবে। তবে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল করা হয়েছে এমন অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি। কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নেই। তবে জনভোগান্তির কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচন আগে করা দরকার। কিন্তু রাজনৈতিকদলগুলো ঐকমত্য না থাকায় তা সম্ভব হয়নি।’

আরও পড়ুন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। বাজেট বৈষম্য নিরসনে সরকার কাজ করছে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

আলাপে বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস দেওয়ার বিষয়ে উপদেষ্টার কাছে সাহায্য চান শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুুলে দেন উপদেষ্টা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর