সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোশাররফ হোসেন। কয়েকদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি মারা যান।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্র জানায়, মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। পরে স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। রাজনৈতিক জীবনে তিনি সাতবার চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের অক্টোবর মাসে জুলাই অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান। পরে ২০২৫ সালের ১৪ আগস্ট জামিনে মুক্তি পান। মুক্তির পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন।


