পুলিশের মহাপরিচালক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ায় ইতালির সহায়তা কামনা করেন।
এ ছাড়া, তিনি উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদারসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


