বর্তমান সময়ে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করা অরিজিত সিং হুট করেই জানালেন তিনি আর প্লেব্যাক করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে অরিজিৎ দীর্ঘদিনের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি প্লেব্যাকের অধ্যায়টিকে ‘একটি সুন্দর যাত্রা’ হিসেবে উল্লেখ করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, শুরু হয় আলোচনা আর নানা জল্পনা। জনপ্রিয়তার শীর্ষে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত কেন?
এর মধ্যেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে একটি বিষয়—অরিজিতের ঘোষণার ঠিক আগেই মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’। সেখানে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। ফলে অনেকের মনে প্রশ্ন—তাহলে কি সালমান খানের ছবির এই গানটিই অরিজিতের শেষ প্লেব্যাক গান?
এই প্রশ্নের পেছনে রয়েছে অরিজিৎ–সালমান সম্পর্কের পুরোনো ইতিহাস। ২০১৪ সালের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুজনের মধ্যে প্রকাশ্য অস্বস্তি তৈরি হয়। মঞ্চে সালমানের একটি মন্তব্যের জবাবে অরিজিতের পাল্টা উত্তর ভাইজানের মনঃপূত হয়নি। এরপর দীর্ঘদিন তাদের সম্পর্ক শীতল ছিল। এমনকি ‘বাজরাঙ্গী ভাইজান’ ছবিতে অরিজিতের গাওয়া গান বাদও পড়ে।
যদিও সময়ের সঙ্গে সেই দূরত্ব ঘুচেছে। সাম্প্রতিক বছরগুলোতে সালমান নিজেই অরিজিতকে বন্ধু বলে উল্লেখ করেছেন। আবার সালমানের ছবিতে শোনা গেল অরিজিতের কণ্ঠ—আর তার পরপরই এল এই বিদায়ের ঘোষণা। ফলে নেটিজেনদের একাংশ বিষয়টিকে কাকতালীয় বললেও, কেউ কেউ পুরোনো অধ্যায় টেনে গুঞ্জন ছড়াচ্ছেন।
তবে জল্পনার বাইরে গিয়ে অরিজিৎ নিজেই দিয়েছেন সিদ্ধান্তের ব্যাখ্যা। তার ভাষায়, তিনি খুব দ্রুত একঘেয়েমিতে ভোগেন। একই ধরনের গান, একই কাঠামো তাকে ক্লান্ত করে ফেলেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, গান ছাড়ছেন না। বরং স্বাধীনভাবে, নিজের মত করে ছোট পরিসরে হলেও নতুন ধরনের সঙ্গীত করতে চান। এমনকি চলতি বছরেই তার কণ্ঠে নতুন গান শোনা যাবে বলেও জানিয়েছেন।


