যারা ১৭ বছর ধরে মৎস্যজীবীদের শোষণ করে অবৈধভাবে ভূমির মালিক হয়েছেন, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে সরকারি জলমহাল আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মৎস্যজীবী ও কৃষকদের অধিকার রক্ষায় সোচ্চার রয়েছে। প্রকৃত মৎস্যজীবীদের মূল্যায়ন করে জলমহাল ইজারার পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষির অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘কোনো অতি উগ্রবাদী যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ক্ষেত্রে দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকতে হবে।’ এ সময় সততা ও নিষ্ঠার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দীন নাগরী, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


