বিচারককে হেনস্তা করার দায়ে বরিশাল আদালত থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে বরিশাল আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ নিয়ে মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ করে বিএনপিপন্থী আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের নেতৃত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আসবাবপত্র ভাঙচুর এবং বিচারককে হেনস্থা করে নানা ধরণের হুমকি ধামকি দেন তারা।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা ইউনুসকে জামিন দেওয়ায় বিচারককে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আদালত চত্বরে হট্টগোল করেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এরই জের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদিকুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুরো আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী মোতায়েন করা হয়।


