আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিত করতে মাঠপর্যায়ের প্রস্তুতি পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান।
রোববার চরফ্যাশন ও ভোলা সফরকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১৭টি সংসদীয় আসনের ২৪টি উপজেলা ও দুইটি সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন করছে।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, র্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেন নৌবাহিনী প্রধান।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।
উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়। পর্যাপ্ত সংখ্যক ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং পরিচালনা করছে নৌবাহিনী।
যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স এবং সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী বলে জানানো হয়।


