ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সোমবার সকালে শত শত শিক্ষক-কর্মচারী ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
এসময় বাড়িভাড়া ভাতা ও অন্যান্য দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
এর আগে রোববার শিক্ষকদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষক নেতারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
তিন দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের তিন দফার মধ্যে রয়েছে—বাড়িভাড়া ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাস্তবসম্মত করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।


