অবশেষে সিনেমায় আদনান আল রাজীব

অবশেষে সিনেমায় আদনান আল রাজীব
পরিচালক আদনান আল রাজীব
Advertisement
Advertisement

ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ানো এই নির্মাতা প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর তার প্রথম সিনেমাটি হতে যাচ্ছে একটি প্রেমের গল্প।

শুক্রবার (১২ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন রাজীব। সেখানে তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই একটি প্রেমের সিনেমা নির্মাণের স্বপ্ন লালন করে আসছিলেন।

পোস্টে রাজীব লিখেছেন, ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব।’

তিনি আরও লেখেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

আরও পড়ুন

দীর্ঘ সময় ধরে সেই গল্প খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন নির্মাতা। তার ভাষায়, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’

পোস্টের শেষাংশে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে রাজীব লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

যদিও সিনেমাটির নাম, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সময় নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি তিনি, তবে ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন এই প্রেমের সিনেমা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আদনান আল রাজীব আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের স্বীকৃতি অর্জন করেছেন। গত বছর তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে নির্বাচিত হয়ে দেশের জন্য নতুন ইতিহাস গড়ে। পরে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি প্রশংসা ও পুরস্কারও অর্জন করে। এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল, কবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন এই নির্মাতা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় অভিষেকের ঘোষণা দিলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad