অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার।
রোববার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জিয়াউদ্দিন বলেন, ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, অন্তর্বর্তী সরকার তা দিতে ব্যর্থ হয়েছিল। তাদের ভুল অথবা অদূরদর্শিতার কারণেই এই হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কে এম বাবর। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ মো. কাওসার হোসেন, চক্ষু হাসপাতালের পরিচালক সৈয়দ শাহিন ইকবাল ও মেডিকেল কলেজের অধ্যক্ষ গোলাম মোরশেদ মোল্লাও অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে জিয়াউদ্দিন সংবাদ সম্মেলনে অংশ নেন।
গোপালগঞ্জ জেলার ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাতটি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।


