সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্য, ছবি, ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা গেছে, ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড বা সংশ্লিষ্ট ঘটনার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তুরাগ থানায় কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও দায়ের হয়নি।
ডিএমপি জানায়, অনুসন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো অভিযোগ, তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএমপি।
জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, গুজব, বিভ্রান্তিকর কিংবা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে।


