২৪ দিন পর মারা গেলেন ভূমিকম্পে আহত আবু বক্কর

২৪ দিন পর মারা গেলেন ভূমিকম্পে আহত আবু বক্কর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

২৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ভূমিকম্পে আহত আবু বক্কর সিদ্দিক (৫৫)। গত ২১ নভেম্বরে ভূমিকম্পে ঢাকার মগবাজার মীরবাগে দেয়াল ধ্বসে মাথায় পড়ে আহত হন তিনি।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

 প্রাণ হারানো আবু বক্কর সিদ্দিক পেশায় রিকশাচালক ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শুকহরি মধু। তিনি জানান, ২১ নভেম্বর ভূমিকম্পে মীরবাগ এলাকায় মাথায় ভারি বস্তু পড়ে আহত হন সিদ্দিক। ওইদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলছে।

আরও পড়ুন

এদিকে, নিহতের বড় ছেলে তৌহিদুল ইসলাম জানান, তার বাবা পেশায় রিকশাচালক। থাকতেন মগবাজার মীরবাগ এলাকার একটি মেসে। আর পরিবারের বাকি সবাই গাজিপুর বাইপাস এলাকায় থাকেন। ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের আগমুহূর্তে তিনি মীরবাগে রাস্তার পাশে একটি দোকানে বসে চা, পুরি খাচ্ছিলেন। তখন ভূমিকম্পে পাশের একটি ভবনের দেয়াল ধ্বসে টিনসেড দোকানটির চালের উপর পড়ে। এতে টিনের চালসহ বৈদ্যুতিক ফ্যান তার মাথার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান সহকর্মীরা।

নিহতের স্ত্রী তহমিনা বেগম জানান, তাদের ২ ছেলে। তিনি ও বড় ছেলে গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। ছোট ছেলে একটি স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে। সপ্তাহে একবার ঢাকা থেকে গাজীপুরে পরিবারের কাছে যেতেন আবু বক্কর সিদ্দিক।

গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ওই ভূমিকম্পে সারাদেশে অন্তত ১২ জনের মৃত্যু হয়। বিভিন্ন স্থানের ভবনে ফাটল দেখা দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর