ডলি জহুরকে একসময় নিয়মিত চলচ্চিত্রে দেখা যেত। তবে বর্তমানে তিনি টেলিভিশন নাটকেই শুধু কাজ করছেন। এর মধ্যে জানা গেছে ডলি জহুর চলচ্চিত্রে অভিনয় করছেন। তাকে দেখা যাবে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’-এ। ছবিটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
২০১১ সালে সর্বশেষ ছবিতে অভিনয় করেছিলেন ডলি জহুর। সে হিসেবে তিনি ১৫ বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ পর্যন্ত তিনি ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা রহিম নওয়াজ পরিচালির ‘অসাধারণ’।
ডলি জহুর জানান, এফডিসির নিয়মিত সিনেমা তিনি বহু বছর করেননি। ‘দম’ ছবির গল্প, লোকেশন ও পরিচালকের কাজের ধরন ভালো লাগায় সিদ্ধান্ত নিয়েছেন আবারও চলচ্চিত্রে অভিনয়ের। পরিচালক সম্পর্কে ডলি জহুর বলেন, ‘রেদোয়ান রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। আগের কাজগুলোতেও সেটা দেখা গেছে। এই সিনেমায়ও ভালো করছেন।’
জানা গেছে ‘দম’ সিনেমায় তিনি অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। পুত্রবধূর চরিত্রে রয়েছেন পূজা চেরি। শুটিং সেট নিয়ে ডলি জহুর বলেন, ‘চলনবিলের মাঝখানে সুন্দর করে সেট তৈরি করা হয়েছে। ভালো কাজের জন্য যা দরকার, সবই আছে।’
এদিকে, সম্প্রতি ‘পরম্পরা’ নামে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করেন ডলি জহুর। এর প্রচার শুরু হয়েছে।


