ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত এবং বর্তমানে ভারতে কারাগারে আটক ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. সাইফুর রহমান আবেদনটি উপস্থাপন করেন। আবেদনে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে—অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। তারা বিদেশে পাড়ি জমালে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে ফয়সাল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদনের শুনানি শেষে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেয়।
উল্লেখ , গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযানে বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তিনি ভারতের একটি কারাগারে আটক রয়েছেন।
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিমকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।


