হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ ও দপ্তরি শামীম রেজা।
মাসুম পারভেজ নেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জের বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে মাসুম ও শামীম মোটরসাইকেলে করে পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সেখানে মাসুম তার মেয়েকে দেখতে যাচ্ছিলেন।
নলসুজা এলাকায় বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি ডিআই পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালে নেওয়ার পথে মাসুমের মৃত্যু হয়।
শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান জানান, পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


