সেনা কর্মকর্তা থেকে বিএনপি নেতা, ৬৫০ জনের জামায়াতে যোগদান

সেনা কর্মকর্তা থেকে বিএনপি নেতা, ৬৫০ জনের জামায়াতে যোগদান
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীতে সমাবেশ করে বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জনকে দলে যুক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যোগদানকারীদের মধ্যে সাবেক বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপির পদধারী নেতারা রয়েছেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশে নতুন সদস্যরা দলে যুক্ত হন।

মাসব্যাপী গণসংযোগ কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় জামায়াত।

মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমপি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি জামায়াতে যোগদানকারী ৬৫০ জনকে ফুল ও ইসলামি বই উপহার দিয়ে বরণ করে নেন।

যোগদানের তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এএসএম খালেকুজ্জামান। এ ছাড়া রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।‌

আরও পড়ুন

বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও চিকিৎসক হুমায়ন কবিরের নাম রয়েছে।

বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর ও ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদও জামায়াতে যোগ দেন।

কওমি আলেমদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন আবুল কালাম আজাদ মাদানী, এনামুল হক আজাদী, আব্দুর রহমান আল হাবিবী, জসিম উদ্দিন (রসুলপুরী) ও হাসান জামিল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।‌

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এএসএম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং বিএনপি নেতা ইয়াকুব সরকার।

সমাবেশ পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এমপি শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এমপি সৈয়দ জয়নুল আবেদীনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর