সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার তাগিদ আইজিপির

সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার তাগিদ আইজিপির
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও গুজব ছড়ানোর মতো প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা পুলিশের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে ভয়ভীতি, অনুরাগ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তদন্ত ও নাগরিক সেবার প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।’

গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার মূলভিত্তি স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি মানুষের সঙ্গে মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

আইজিপি আরও বলেন, ‘সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও গুজব বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের নিয়মিত হালনাগাদ রাখতে হবে।’

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জনই আপনাদের প্রধান লক্ষ্য। সেবক হিসেবে সততা ও আন্তরিকতার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ— এই আদর্শ নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রশিক্ষণের জ্ঞান ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে হবে।’

অনুষ্ঠানে ১৯ জন নারীসহ ৫০০ জন ক্যাডেট এসআই অংশ নেন। আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় পুলিশ একাডেমি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর