সড়ক থেকে নিজের ছবি সংবলিত ব্যানার সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক থেকে নিজের ছবি সংবলিত ব্যানার সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
Advertisement
Advertisement

ঢাকার বিভিন্ন সড়ক থেকে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার দেখে তখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।’

এছাড়া নগরীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব বিজ্ঞাপন রয়েছে, সেগুলোও দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কয়েকদিন আগেও বিজয় সরণীর পথে যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি দেখানো হচ্ছিল সেটা দেখে তিনি তখনই তা সরানোর নির্দেশ দিয়েছিলেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। সকাল ৯টা ১০ মিনিটে অফিসে আসেন তিনি।

আরও পড়ুন

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় ঢাকার সড়কে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি এক কিলোমিটার বেড়েছে। ‘

তিনি আরো বলেন, ‘এখানে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিলো ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।’

প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।’

এদিকে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘গতকাল খুচরা বাজারে মোটা চালের মূল্য বাড়ার সংবাদ জানার পর প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ফলে বাজারে তাৎক্ষণিকভাবে এর ইতিবাচক প্রভাব দেখা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর