কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ডাম্পারটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গিলাতলী থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে যোগে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ডাম্পার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
‘ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’, যোগ করেন তিনি।


