রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিলা পারভিন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার ভোর ৬টার দিকে মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনজিলা বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রামের ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।
পুলিশের বরাতে জানা যায়, চোখের চিকিৎসার জন্য তিনি রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নেমে একটি রিকশায় করে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন ছিনতাইকারী এসে তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।


