মানবপাচারের ভুক্তভোগীদের দেশে ফেরাতে আরডিএমএস চালু

মানবপাচারের ভুক্তভোগীদের দেশে ফেরাতে আরডিএমএস চালু
Advertisement
Advertisement

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও দ্রুত, সমন্বিত ও কার্যকর করতে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস ) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে এক অনুষ্ঠানে এ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে জিয়াউদ্দিন আহমেদ বলেন, মানবপাচার প্রতিরোধ এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া আরও গতিশীল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডোমেইনে আরডিএমএস অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। ফেরত আসা ব্যক্তি ও সারভাইভারদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের জন্য সিস্টেমটি ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজের সঙ্গে যুক্ত করা হয়েছে। শিশুদের সঠিকভাবে শনাক্ত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট সেবার সঙ্গেও সিস্টেমটি সমন্বয়ের কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখার সমন্বিত এ উদ্যোগ মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের কারিগরি সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরডিএমএস তৈরি করেছে। সিস্টেমটির উন্নয়ন ও আপগ্রেডেশনে সহায়তা করেছে অস্ট্রেলিয়া সরকার।

কেন্দ্রীয় এ ডিজিটাল প্ল্যাটফর্মে মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ও সহজ হবে।

আরও পড়ুন

বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে জাতীয়তা যাচাই, পুলিশ রেকর্ড পরীক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ একাধিক ধাপ সম্পন্ন করতে হয়। এসব কাজের বড় অংশ দীর্ঘদিন ধরে কাগজপত্র ও চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত হওয়ায় অনেক ক্ষেত্রে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব হয়।

নতুন সিস্টেমের মাধ্যমে এসব তথ্য ও কার্যক্রম কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয়তা ও পুলিশ রেকর্ড যাচাই দ্রুত সম্পন্ন করা, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রত্যাবাসন মামলার অগ্রগতি সহজে অনুসরণ করা যাবে।

আরডিএমএস -এর মাধ্যমে প্রত্যাবাসন-সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া এবং রিয়েল-টাইমে মামলার অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ থাকবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন তৈরিও করা যাবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত ও সমন্বিত পদ্ধতিতে প্রত্যাবাসনের আবেদন করতে পারবে। জাতীয়তা যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানও হবে আরও সহজে।

ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টিও সিস্টেমে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর