সেন্টার ফর সার্ভিস কোয়ালিটি এনহ্যান্সমেন্ট (সিএসকিউই) সম্প্রতি ‘সার্ভিস কোয়ালিটি ইনডেক্স (এসকিউআই)’ বিষয়ক একটি ওয়েবিনারের আয়োজন করেছে।
এতে দেশের শীর্ষস্থানীয় করপোরেট নেতৃবৃন্দ, ব্যাংকিং পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং সেবার মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা অংশ নেন।
ওয়েবিনারে এসকিউআইকে প্রতিষ্ঠানের সেবার মান পরিমাপ, পর্যবেক্ষণ এবং ধারাবাহিক উন্নয়নের একটি অত্যন্ত কার্যকর ও কাঠামোবদ্ধ পদ্ধতি হিসেবে তুলে ধরা হয়।
সিএসকিউই দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির মতে, তথ্যভিত্তিক সেবা ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে এসকিউআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএসকিউই-এর কনসালট্যান্ট কাজী আসিফ উজ জামান ও মো. ইশরাক শাফাত। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সার্ভিস কোয়ালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ মো. তারেক আজিজ।
তিনি উল্লেখ করেন, সেবার মান পরিমাপ ও উন্নয়নের জন্য সার্ভিস কোয়ালিটি ইনডেক্সের মতো একটি নির্ভরযোগ্য সূচক প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে দারুণভাবে সহায়তা করতে পারে।
ওয়েবিনারে ‘দ্য ফেসেস অব সার্ভিস কোয়ালিটি: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক একটি ফলপ্রসূ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এই আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সেবার মান ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. তারেক আজিজ, সিএসকিউই-এর উপদেষ্টা ও কানাডার স্কশিয়াব্যাংকের অ্যাসোসিয়েট টিম লিড আলভি চৌধুরী এবং এনআরবি ব্যাংক পিএলসির সার্ভিস কোয়ালিটি ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান তাসনিম মৌরিন।
বক্তারা বাংলাদেশে সেবার মান উন্নয়নের বর্তমান সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োগ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
সিএসকিউই ২০১৮ সাল থেকে এসকিউআই নিয়ে কাজ করছে। এটি মূলত সিএসকিউই-এর নিজস্ব উদ্ভাবিত একটি অত্যাধুনিক সেবা মূল্যায়ন কাঠামো, যা বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান পরিমাপ ও উন্নয়নে কাজ করে।
এর বিশেষ ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা, সেবা প্রদান প্রক্রিয়া, কার্যক্রমের দক্ষতা এবং সামগ্রিক গ্রাহক সন্তুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডেটা ও সূচকের ভিত্তিতে নিখুঁতভাবে মূল্যায়ন করা হয়।


