‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ মর্মে তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক পোস্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাহার করেছে টাইমস অব বাংলাদেশ।
ওই সংবাদটি প্রকাশের পর পরই ‘ব্যাখ্যা’ (ডিসক্লেইমার) শিরোনামে ফয়েজ আহমদ তৈয়্যব আরেক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদসহ।’
এটি টাইমসের সম্পাদকীয় বিভাগের নজরে আসার পরেই ওই সংবাদটি প্রত্যাহার করা হয়।

এর আগে প্রথম ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিবিষয়ক এই জ্যেষ্ঠ সহকারী দাবি করেছিলেন, ইউনূস পদত্যাগ করছেন না। অথচ একদিন আগেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ‘পদত্যাগের’ ইঙ্গিত এসেছে বলে খবর প্রকাশ হয়।
প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যবের তার ওই পোস্টে লিখেছিলেন, ‘অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড ইউনূস স্যার এর দরকার আছে।’
তিনি আরো বলেছিলেন, ‘বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।’
তবে শেষ পর্যন্ত ওই আলোচ্য ফেসবুক পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।


