বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ বস্ত্র ও পোশাক খাতের জন্য মার্কেট অ্যাক্সেস বাড়ানোর এবং নতুন সুযোগ তৈরি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানে তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে সফর করছেন। তার অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, অ্যাম্বাসেডর জামিসন গ্রিয়ার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ২০ শতাংশ পাল্টাপাল্টি শুল্ক হার কমানোর সম্ভাবনা উত্থাপন করবেন বলে সম্মত হয়েছেন, যেন এটি আঞ্চলিক প্রতিযোগীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
এ ছাড়া, দুই পক্ষই বাংলাদেশের রপ্তানি অগ্রাধিকারকে সমর্থন জানিয়ে একটি উদ্ভাবনী এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সম্পন্ন সমাধান তৈরি করেছে।
খলিলুর রহমান ও অ্যাম্বাসেডর গ্রিয়ার শুক্রবার যে প্রস্তাবিত বিশেষ সুবিধা স্কিম নিয়ে আলোচনা করেছেন, তার অধীনে, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে, যা মার্কিন উত্পাদিত সুতির এবং কৃত্রিম ফাইবার বস্ত্র উপকরণের আমদানি পরিমাণের সমান হবে।
সংশিষ্টরা মনে করছেন, এই সৃজনশীল এবং লাভজনক সমাধানটি দ্বিপাক্ষিক বাণিজ্যকে শক্তিশালী করবে, বাংলাদেশি প্রস্তুতকারক এবং শ্রমিকদের সহায়তা করবে এবং মার্কিন উত্পাদকদের সঙ্গে সরবরাহ চেইনের সম্পর্ক গভীর করবে।
এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের মধ্যে নতুন গতি এবং সদিচ্ছার প্রতিফলন এবং বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য সম্ভাবনার জন্য একটি আশাপ্রদ নতুন অধ্যায় শুরু করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


