রাজধানী ঢাকার পোস্তগোলা ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম হুমায়ুন কবির (২৩) নামে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সোহেল (২২)।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় হুমায়ুন কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে হুমায়ুনে আরেক বন্ধু আরিফুল ইসলাম বাপ্পি জানান, তারা কলাবাগান ঢালিবাড়ি এলাকায় থাকেন। হুমায়ুন একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। তারা ১০থেকে ১২জন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার সময় পোস্তগোলা ব্রিজের উপর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও সোহেল রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে হুমায়ুনকে চিকিৎসক মৃত বলে জানান।
হুমায়ুন কবিরের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে। বাবার নাম রহমান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


