জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীর বড় বোন মিমি একজন সংগীতশিল্পী— এ কথা অনেকেই জানেন। কিন্তু বুবলী ভালো গান গান— এটা অনেকেই জানেন না। তার গানের প্রতিভা দেখা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। অনুষ্ঠানটির এবারের ঈদ আয়োজনে গায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটবে।
কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুমুল। গানে বুবলীর সহশিল্পীও ইমরান। গত ২৪ জানুয়ারি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরের খোলা অংশ নির্মিত সেটে গানটি ধারণ করা।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন, হয়েছেন আদৃত। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মত ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সংগীতশিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতই।
অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদির বেশ পুরনো ধারা। যে ধারায় ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ অনেকেই।


