ঢাকার রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর দুই সহযোগীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
রমনা থানার উপ-পরিদর্শক মো.আমজাদ হোসেন তালুকদার আসামিদেরকে আদালতে হাজির করে উভয়ের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
একই মামলায় গত ১ মে থেকে এ দুই আসামি চারদিনের রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিন রিমান্ড দেয় আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন— মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থ সরবরাহের নেপথ্যে থাকা তথ্যাদি উদঘাটনের জন্য এই রিমান্ড জরুরি।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ মে বিকালে রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সরকারবিরোধী মিছিল করেন তারা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুরের ইলিয়াস আহমদে চৌধুরী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আবির হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করেন। ওই ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হল।


