‘তারা যতদিন চাইবে, ততদিন ইন্টারেই থাকব’

‘তারা যতদিন চাইবে, ততদিন ইন্টারেই থাকব’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেষ দলবদল মৌসুমে বার্সেলোনা তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছেন ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজ। তবে ইন্টার ছাড়ার কথা ভাবেননি তিনি।

জুলিয়ান আলভারেজকে দলে নিতে না পারলে বিকল্প হিসেবে মার্তিনেজকে চেয়েছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটি তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করেছিল। তবে মার্তিনেজ ইন্টারেই থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।

স্কাই ইতালিয়াকে মার্তিনেজ বলেন, ‘গুঞ্জনগুলো সত্যি ছিল। এমন প্রস্তাব ও ফোন এলে ভালো লাগে। কারণ শীর্ষ পর্যায়ে থাকতে আপনি কঠোর পরিশ্রম করেন। তবে আমার সিদ্ধান্ত পরিষ্কার ছিল। সতীর্থ ও অসাধারণ সমর্থকদের সঙ্গে এখানেই থাকতে চেয়েছি।’

ইন্টারে যোগ দেওয়ার পর ২৯ বছর বয়সী মার্তিনেজ ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। সমর্থকদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। মিলানেই ভবিষ্যৎ কাটাতে চান তিনি।

মার্তিনেজ বলেন, ‘আমি চিরকাল এখানে থাকব। তারা যতদিন চাইবে, ততদিন থাকব।’

ফুটবলের ব্যবসায়িক বাস্তবতা নিয়েও কথা বলেছেন তিনি। মার্তিনেজ বলেন, ‘আমরা সবাই জানি এই ব্যবসা কীভাবে চলে। যখন আপনি আর কাজে আসবেন না, তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে।’

আরও পড়ুন

‘ইন্টার আমার কাছে সবকিছু। গর্ব, আনন্দ ও এগিয়ে যাওয়ার প্রেরণা। আমি আবারও এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারের হয়ে বড় কিছু অর্জন করতে চাই।’

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেছেন মার্তিনেজ। তার পারফরম্যান্সে ইন্টার স্কুদেত্তোও জিতেছে।

আর্জেন্টিনার জাতীয় দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। দেশের অন্যতম প্রধান ফরোয়ার্ড হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন মার্তিনেজ।

ইন্টারে ক্যারিয়ার এতটা সফল হবে, তা কখনো ভাবেননি তিনি। মার্তিনেজ বলেন, ‘ইন্টারের হয়ে ক্যারিয়ারে এতদূর আসব, সব লক্ষ্য পূরণ করব, কখনো ভাবিনি।’

‘এটাই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। প্রতিটি অনুশীলনে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’

‘ফুটবলে কী হবে, তা কখনো বলা যায় না। তবে এখন আমার চুক্তি আছে, আমি খুশি। ভালো লাগছে বলেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারের হয়ে বড় কিছু করতে চাই।’

ইন্টারের সঙ্গে মার্তিনেজের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। বার্সেলোনার প্রস্তাবেও তাই তার সিদ্ধান্ত বদলায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর