আবাসিক হলগুলোতে দ্রুত বৈধ আসন বরাদ্দের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
সোমবার সকালে মধুর ক্যান্টিনের সামনে এ কর্মসূচি শুরু হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত গণস্বাক্ষর চলবে।
এতে আবাসন সংকটে ভোগান্তিতে পড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়।
কর্মসূচিতে অংশ নিয়ে শেখ মুজিব হলের শিক্ষার্থী আসহাব আহমেদ শাহীব জানান, এ কর্মসূচি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে নেওয়া হয়েছে। এতে কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা নেই।
তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমরা যারা ক্যাম্পাসে এসেছি কিন্তু হলে সিট পাইনি, তারা নিজেদের গ্রুপে পোস্ট করি। সেখান থেকে সবাই এসে স্বাক্ষর করছে। এসব স্বাক্ষর সংগ্রহ করে আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করব।’
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী নাকিবুল ইসলাম নকিব জানান, বিশ্ববিদ্যালয়ে আসার এক সপ্তাহ পার হলেও তারা এখনো হলে উঠতে পারেননি। এতে নিয়মিত ক্লাস করা ব্যাহত হচ্ছে। যাতায়াতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাইরে থাকায় খাবার ও অন্যান্য দৈনন্দিন ভোগান্তিও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আজকে এখানে বসেছি মূলত আমাদের ২০২৫-২৬ সেশনের সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে বৈধ সিট প্রদান এবং পরবর্তী সেশনের ক্লাস শুরুর আগেই সিট নিশ্চিত করে নেওয়ার লক্ষ্যে গণস্বাক্ষরের ব্যবস্থা করেছি।’
প্রথম বর্ষের প্রায় ১৫ থেকে ২৫ শিক্ষার্থী হলে সিট না পাওয়ায় ক্লাসে উপস্থিত হতে পারছে না বলে জানান তিনি।
নকিব, ‘আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে, বিভিন্ন মেসে রয়েছে, কেউ বাসা নিয়ে আছে। সেখানে কিন্তু আমাদের অনেক মেয়ে শিক্ষার্থীরা রয়েছে, যারা বাইরে থাকার ফলে সিকিউরিটি পাচ্ছে না। অনেকেই গ্রাম থেকে এসেছে, ঢাকা শহর চেনে না, যার ফলে তাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।’
গণস্বাক্ষর কর্মসূচিতে প্রথম দুই ঘণ্টায় প্রায় ১৩০০ থেকে ১৪০০ জন শিক্ষার্থী স্বাক্ষর দিয়েছে বলে জানান নকিব।


