ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এই শিক্ষককে রোববার লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে জানান, শুক্রবার ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাচ্ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তখন তার গাড়িচালক তাকে কাছের একটি হাসপাতালে নেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা যাই। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার “ম্যাসিভ হার্ট অ্যাটাক”হয়েছিল। পরে তার হার্টে রিং পরানো হয়।’
সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালে সিলেট জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে উচ্চ শিক্ষার জন্য যান কানাডা।
দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেছেন তিনি। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদক রয়েছে তার ঝুলিতে।


