জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
সেখানে বলা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান তার বাসার নিরাপত্তা প্রহরীর মাধ্যমে একটি বেনামি চিঠি পান। যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে ধর্ম ও দল নিয়ে দেশে বিশৃঙ্খলা না ছড়াতে সতর্ক করে অন্যথায় দায়ভার তার ওপর চাপানোর হুমকি দেওয়া হয়।
ফোরামের মতে, এ ধরনের হুমকি স্পষ্টতই ভয়ভীতি প্রদর্শনের শামিল এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দীর্ঘদিন ধরে চাপ, হয়রানি ও হুমকির মুখে রয়েছেন। একজন শিক্ষক ও গবেষকের মতপ্রকাশের কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া গণতান্ত্রিক ও সাংবিধানিক চেতনার পরিপন্থী।
ফোরাম আরও উল্লেখ করে, এর আগেও তার বিরুদ্ধে মানহানির মামলা দায়েরসহ অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের মধ্যে ভারসাম্য রক্ষার আহ্বান জানায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বিবৃতিতে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, হুমকিদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং স্বাধীন ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে।


