বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল।
শুক্রবার চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আগামীকাল শনিবারের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (বিষয় কোড-২৭৫) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা দিয়ে আরও জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে স্থানীয়ভাবে পরীক্ষা স্থগিতের বিষয়টি প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা দ্রুত এই তথ্য জানতে পারেন।


