চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নিহত ফাইয়াজ তাজরিয়ান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাইয়াজ তাজরিয়ান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে ফ্লাইওভারের দুই নম্বর গেট ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলের জনসংযোগ (পিআর) টিমের সদস্য ছিলেন। তার বাসা নগরীর অক্সিজেন এলাকায়। গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায়। তার বাবা কামাল উদ্দিন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত।

স্থানীয় এনসিপি নেতারা জানান, একটি কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পুলিশও প্রাথমিকভাবে একই ধারণা করছে।

জানা যায়, মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভারের দুই নম্বর গেট ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থান থেকে চকবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি, একটি কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে ফাইয়াজের মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন জানান, রাত ১০টার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি বিকল কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেল এবং পাশে ফাইয়াজকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘ঝড়-বৃষ্টি ও অন্ধকারের কারণে ফাইয়াজ সম্ভবত সড়কে দাঁড়িয়ে থাকা বিকল কাভার্ড ভ্যানটি দেখতে পাননি। এতে মোটরসাইকেলটি ভ্যানের পেছনে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।’

নগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলের মিছিল-সমাবেশে অংশ নিয়েছিলেন ফাইয়াজ। সন্ধ্যা পর্যন্ত কর্মসূচিতে থাকার পর তিনি মোটরসাইকেলে বাসার উদ্দেশে রওনা দেন। পরে তার মোটরসাইকেলে ‘এনসিপি চট্টগ্রাম মহানগর’ লেখা দেখে স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টায় হাটহাজারীতে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad