এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সম্মাননা দিয়েছে আবুল খায়ের গ্রুপ। রোববার রাজধানীর জাতীয় শুটিং ক্লাব মিলনায়তনে ‘তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে ৬৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়।
এর মধ্যে এসএসসিতে ৪৪ জন এবং এইচএসসিতে ২১ জন শিক্ষার্থী কৃতিত্ব দেখিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আবুল খায়ের গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী, শিক্ষাবিদ ও টেন মিনিট স্কুল প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক, এক্সিকিউটিভ ডিরেক্টর রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মামুন, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, ডিভিশনাল এইচআর হেড সাদ জশিম এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এইচআর মো. নুরুল আফসার।
‘পরিবারের সাফল্য উদযাপনের জন্য এটি আমাদের কাছে বিশেষ দিন,’ বলেন ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী। বিশ্ব দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে তরুণদের উচ্চশিক্ষা ও দক্ষতার দিকে নজর দিতে হবে, তিনি বলেন।
ডিগ্রি নয়, এখন দক্ষতার মূল্য বেশি। তরুণদের সেটি অর্জনে মনোযোগী হতে হবে, তিনি আরও বলেন।
সাফল্যের কোনো শর্টকাট নেই। লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় লাগে, বলেন এক্সিকিউটিভ ডিরেক্টর রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মামুন। ডিভিশনাল এইচআর হেড সাদ জশিম শিক্ষার্থীদের বহুমাত্রিক স্কিল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।
এ বছর শুধু জিপিএ-৫ পাওয়া নয়, পাস করাও কঠিন ছিল। যারা পেয়েছে, তারা প্রকৃত মেধাবী, বলেন আয়মান সাদিক। তিনি অভিভাবকদের সন্তানের প্রতি যত্নশীল থাকার তাগিদ দিয়ে শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতা অর্জনে উৎসাহ দেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ঢাকার পাশাপাশি শিগগিরই চট্টগ্রামেও একই ধরনের সম্মাননা আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।


